ইসলাম টাইমস ডেস্ক: এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বোমা আতঙ্কে লন্ডনে জরুরি অবতরণ করেছে। বোমার খবর ছড়াতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তবে লন্ডনে ভারতীয় বিমানটি নিরাপদই অবতরণ করেছে বলে খবর পাওয়া যায়।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া দশটার দিকে মুম্বাই থেকে নিউ ইয়র্কের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার এআই-১৯১ বিমানটি লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
এয়ার ইন্ডিয়া এক টুইট বার্তায় জানায়, বোমা হামলার হুমকি পাওয়ার কারণে যুক্তরাষ্ট্রগামী ফ্ল্যাইটটি জরুরি অবতরণ করেছে। এটাকে নিরাপত্তা হুমকি হিসেবে অভিহিত করলেও কে বা কারা বোমা হামলার হুমকি দিয়েছে সে বিষয়ে কিছু জানায়নি কর্তৃপক্ষ।
















