টাকার জন্য সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না, আইনজীবীদের নাসিম

ইসলাম টাইমস ডেস্ক:  বরগুনায় স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা রিফাতের খুনিদের পক্ষে না দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বেশি টাকার জন্য সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াবেন না। বিষয়টিকে বিবেক দিয়ে বিবেচনা করুন। শুধুমাত্র টাকার জন্য কেন খুনিদের পক্ষে দাঁড়াবেন? সন্ত্রাসীদের আইনি সহায়তা দেবেন না।’

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে খাতির করেন না। তিনি বিশ্বজিৎ ও নুসরাত হত্যাকাণ্ডের বিচার করেছেন।

তিনি বলেন, ‘রিফাত হত্যাকারীদের রাজনৈতিক ও প্রশাসনিক আশ্রয়দাতাদেরও গ্রেফতার করতে হবে। কারণ তারা আশ্রয় না দিলে খুনিরা এতবড় দুঃসাহস দেখাতে পারতো না। একটা যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করার মত তারা সাহস দেখায় কীভাবে।’

১৪ দলের মুখপাত্র বলেন, ‘খুনিদের গ্রেফতার করলেই শুধু হবে না। এরা রাজনৈতক আশ্রয়ে থেকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। স্থানীয় পুলিশও এদের সহযোগিতা করে। এরা সন্ত্রাসী। তাদের কোনো দল নেই। এরা বিএনপি-জামায়াতের চেয়েও ভয়ঙ্কর।’

পূর্ববর্তি সংবাদকর্নেল অলির ‘জাতীয় মুক্তি মঞ্চে’র উদ্যোগকে স্বাগত জানালেন ফখরুল
পরবর্তি সংবাদখুনি নয়নের সঙ্গে মিন্নির বিয়ে হয়েছিল, মিলল প্রমাণ