সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ইসলাম টাইমস ডেস্ক: রংপুরের মিঠাপুকুরে বাসের ধাক্কায় মুরাদ, মধু, এবং শম্ভু নামে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ জুন) রাত ১১টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মুরাদ (৩৩), মধু (৩৪) এবং শম্ভু (৩৩)। এদের মধ্যে মুরাদ ও মধু ঘটনাস্থলেই এবং শম্ভু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তাদের সবার বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়নের ভুরারঘাট এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদের মধ্যে শম্ভু ঠিবাড়ির একটি মোটর গ্যারেজে বডিমিস্ত্রীর কাজ করতেন। অপর দুইজনকে নিয়ে শুক্রবার রাত ১১টার দিকে মোটরসাইকেলে গ্যারেজ থেকে বের হচ্ছিলেন শম্ভু। এ সময় রংপুর-ঢাকা মহাসড়ক পার হতে গিয়ে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদ ও মধুকে মৃত ঘোষণা করেন।

পরে আশঙ্কাজনক অবস্থায় শম্ভুকে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে মারা যান শম্ভু। এ দিকে দুর্ঘটনার পর উত্তেজিত লোকজন বাসটি আটক করে ভাঙচুর করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনার বিষয়টি  নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদকঙ্গোয় খনি ধসে ৪৩ শ্রমিকের মৃত্যু
পরবর্তি সংবাদ‘ভারতে মুসলিম নিধন চলতে থাকলে দেড়শ’ কোটি মুসলমান চুপ থাকবে না’