ইসলাম টাইমস ডেস্ক: ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বাবার ‘অবৈধ সরকারের’ পক্ষে কাজ করায় শুক্রবার তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এএফপি জানায়, এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা নিকোলাস আর্নেস্টো মাদুরো গুয়েরার যে কোনো সম্পদ জব্দের নির্দেশ দেয়া এবং ২৯ বছর বয়সী মাদুরোর এ ছেলের সঙ্গে মার্কিন কোনো নাগরিকের বা প্রতিষ্ঠানের ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা জারি করে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন বলেন, ‘মাদুরো ভেনিজুয়েলার অর্থনীতি ও জনগণের ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখতে তার ছেলে এবং তার স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠদের ওপর নির্ভর করে।’
কারাকাসের ভাষ্য অনুযায়ী, বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদোর নেতৃত্বে একটি ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টার পর মাদুরো তার ক্ষমতা আরও পাকাপোক্ত করতে পদক্ষেপ নেয়ায় এটি ভেনিজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞা আরোপ।
বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদ নেতা গুইদোকে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রসহ আরও ৫০টির বেশি দেশ স্বীকৃতি দিয়েছে।
















