ইসলাম টাইমস ডেস্ক: পাঁচ দিনের সরকারি সফরে আজ সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ালাইন্সের বিজি-১৭২০ বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী চীনের উদ্দেশে রওনা হবেন।
সফরকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
চীনের দালিয়ানে কাল তিন দিনব্যাপী ‘ডব্লিউইএফ অ্যানুয়েল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস-২০১৯’ শুরু হবে। এটি ডব্লিউইএফ সামার দাভোস নামেও পরিচিত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘লিডারশিপ ৪.০- সাকসিডিং ইন এ নিউ এরা অব গ্লোবালাইজেশন।’
লিয়াওডং রাজ্যের দালিয়ান উত্তর-পূর্ব এশিয়ার ব্যবসা এবং অর্থনৈতিক কেন্দ্র এবং উত্তর চীনের হংকং হিসেবেও সুপরিচিত।
এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, প্রধানমন্ত্রীর এ সফরে রোহিঙ্গা সমস্যাটিই আলোচনার মুখ্য বিষয়বস্তু হবে এবং এ সময়ে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে।
















