ইসলাম টাইমস ডেস্ক: তীব্র দাবদাহে মধ্য ইউরোপ থেকে দক্ষিণ ইউরোপের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গরমের প্রকোপে ইতিমধ্যে কয়েকজন মারা গেছেন। গত এক সপ্তাহ থেকে অব্যাহত এই গরমের প্রকোপ আগামী সপ্তাহ থেকে কিছুটা কমবে বলে আবহাওয়াবিদেরা জানিয়েছেন। আবহাওয়াবিদেরা আরও বলছেন, উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির উত্তপ্ত বায়ুপ্রবাহের প্রভাবেই ইউরোপের তাপমাত্রা বেড়েছে।
মধ্য ইউরোপের জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে এবং দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালিতে তাপমাত্রা সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়া পঞ্জিকায় ২১ জুন ইউরোপে গ্রীষ্মকাল শুরুর পর থেকেই তাপমাত্রার পারদ ক্রমশই বাড়ছে। সাধারণত এই সময় ইউরোপে গরম পড়লেও এ বছরে তাপমাত্রা পুরোনো সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জার্মানিতে ১৪০ বছরের পরিসংখ্যানে এবার জুন মাস ছিল সবচেয়ে উষ্ণতম মাস।
স্পেনের কাতালানিয়া প্রদেশের টারাগোনায় শত শত অগ্নিনির্বাপক কর্মী ৬৫ হাজার হেক্টর পরিমাণ জমির একটি বনাঞ্চলে আগুন নির্বাপণের জন্য চেষ্টা করেছে। নিরাপত্তার কারণে আগুন লাগা বনাঞ্চলের কাছেই অবস্থানরত ব্রিটিশ ও জার্মান পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। ইতালির রোম ও ফ্লোরেন্সসহ ছয়টি শহরে প্রচণ্ড গরমের কারণে স্বেচ্ছাসেবকেরা দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের পানি সরবরাহ করেছে।
জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমবে।
















