ইসলাম টাইমস ডেস্ক: সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চীনের জিনজিয়াং প্রদেশে মুসিলম শিশুদের তাদের পরিবার, ভাষা ও বিশ্বাস থেকে আলাদা করা হচ্ছে বলে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জিনজিয়াংয়ে হাজারো প্রাপ্তবয়স্ক মানুষকে বিশাল ক্যাম্পে আটকে রাখা হয়েছে। চীনের ওই অঞ্চলে শিশুদের সঙ্গে যা ঘটছে, চীনের বাইরে বাস করা কয়েকটি পরিবারের সদস্যদের সাক্ষাৎকারের মাধ্যমে বিবিসি ব্যাপক প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছে।
রেকর্ডে দেখা যায়, একটি শহরের ৪০০–এর বেশি শিশুর মা-বাবা ক্যাম্প বা জেলখানায় কোনো না কোনোভাবে আটক আছেন। শিশুদের কেন্দ্রীয়ভাবে কোনো যত্নের প্রয়োজন আছে কি না, তা আনুষ্ঠানিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হয়।
জিনজিয়াংয়ের প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের পরিচয় রূপান্তরের প্রচেষ্টাসহ শিশুদের তাদের পরিবার থেকে আলাদা করা পদ্ধতিগত কর্মসূচি চালানোর প্রমাণ পাওয়া যায়।
চীনে কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণের কারণে বিদেশি সাংবাদিকদের ২৪ ঘণ্টা অনুসরণ করা হয়। ফলে চীন থেকে কোনো প্রমাণ জোগাড় করা কঠিন। তবে তুরস্কে কিছু প্রমাণ পাওয়া যায়। ইস্তাম্বুলে বড় একটি হলরুমে একডজনের বেশি লোক তাদের গল্প বলেছেন। তাদের অনেকের সন্তান পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চীনে রয়ে গেছে।
















