ইসলাম টাইমস ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শঙ্কামুক্ত নন ,যেকোনো সময় যেকোনো ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (৬ জুলাই) রাজধানীর বনানীতে দুপুর ১২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এরশাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে এ কথা জানান জিএম কাদের।
এরশাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জিএম কাদের বলেন, উনি এখনও শঙ্কামুক্ত নন। ওনার অবস্থা আশঙ্কাজনক। মেডিসিন সাপোর্ট দেয়া হচ্ছে। সেই সাপোর্ট চলতে থাকবে। মেডিসিন সাপোর্ট নিয়ে বেঁচে আছেন উনি। কাদের বলেন ‘চিকিৎসকেরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।’
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বলে গতকাল জানিয়েছিলেন জি এম কাদের। সেদিন এরশাদের জন্য দোয়াও চান তিনি।
উল্লেখ্য, গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার বিকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
















