উত্তাল বঙ্গোপসাগর: ট্রলার ডুবে নিখোঁজ পাঁচ জেলে

ইসলাম টাইমস ডেস্ক: বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবে পাঁচজন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

স্থানীয় জেলে সূত্রে জানা যায় , বৈরী আবহাওয়ার কারণে গভীর বঙ্গোপসাগরে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত দমকা বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের মধ্য চরমোন্তাজ গ্রামের সোহরাব প্যাদার মালিকানাধীন এফবি মায়ের দোয়া, ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের রাতুল মিয়ার মালিকানাধীন একটি ও চালিতাবুনিয়া ইউনিয়নের চরলতা গ্রামের নিজাম ফকিরের মালিকানাধীন একটি জেলে ট্রলার ডুবে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চরমোন্তাজের ট্রলার মালিক সোহরাব প্যাদা, চালিতাবুনিয়া ইউপি সদস্য রানা হাওলাদার ও কোড়ালিয়ার মৎস্য ব্যবসায়ী নাসির মৃধা জানান, ডুবে যাওয়া ওই তিন ট্রলারে থাকা ৩৮ জন মাঝিমাল্লার মধ্যে ৩৩ জন উদ্ধারের খবর পাওয়া গেলেও ৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের উদ্ধারে শনিবার সকাল থেকে অভিযান অব্যাহত আছে বলে জানান তারা।

খোঁজ নিয়ে জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। তাই গভীর সাগরে মাছ ধরার জেলে ট্রলারগুলো নিরাপদে আসতে শুরু করেছে। তবে এখনও অসংখ্য মাছ ধরার ট্রলার সাগরে রয়েছে বলে জানান জেলেরা।

 

পূর্ববর্তি সংবাদশিশু সায়মার ময়নাতদন্তে মিলেছে ধর্ষণের আলামত
পরবর্তি সংবাদ‘রওযার ছবি তো দিলে ধারণ করবে, ক্যামেরায় নয়’: মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক