ইসলাম টাইমস ডেস্ক: টেমস নদী দেখার জন্য আমাদের আর লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা গেলেই হবে। বুড়িগঙ্গাই সকল আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার রাজধানীর কামরাঙ্গিরচরস্থ খোলামোড়া ঘাটে সীমানা পিলার, ওয়াকওয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বুড়িগঙ্গাসহ দেশের সব নদী দখলমুক্ত করে বাংলাদেশের নদীমাতৃক রূপ ফিরিয়ে আনা হবে। ঢাকার চারপাশে সার্কুলার নৌপথ চালু করে যাত্রী ও মালামাল পরিবহন সহজতর করা হবে।
তিনি বলেন, বুড়িগঙ্গাকে হাতিরঝিলের ন্যায় নয়নাভিরাম করা হবে, বছর খানেকের মধ্যে এ দৃশ্য দেখা যাবে।
মন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ৬ জুলাই থেকে নদী বন্দর এলাকায় ৩ হাজার ৮০৩টি আরসিসি সীমানা পিলার, রামচন্দ্রপুর থেকে বসিলা ও রায়েরবাজার খাল থেকে কামরাঙ্গিরচর পর্যন্ত এক কিলোমিটার ওয়াকওয়ে, এক কিলোমিটার কিওয়াল, আড়াই কিলোমিটার ওয়াকওয়ে অন পাইল নির্মাণ করা হবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এগুলোর স্থাপন কাজ শেষ হবে।
















