ইসলাম টাইমস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুলাল (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহ এখনও ভারতের বিএসএফ ক্যাম্পে রয়েছে।
রোববার দিবাগত রাত আড়াইটার দিকে কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ১৭৮ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুলাল শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত দুলাল চোরাচালানি সিন্ডিকেটের একজন সদস্য। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে দুলালসহ কয়েকজন চোরাকারবারি কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক মেইন সীমান্ত পিলার ১৭৮ এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে।
এ সময় ভারতীয় শুকদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের গুলি করলে দুলাল নিহত হন। অপর সহযোগীরা দেশে পালিয়ে আসেন।
পরে বিএসএফ সদস্যরা নিহত দুলালের মরদেহ বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে তাদের শুকদেবপুর ক্যাম্পে নিয়ে যান।
















