ইসলাম টাইমস ডেস্ক: মাগুরায় পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে শিক্ষকসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সদর উপজেলার স্টেডিয়ামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রউফ ঢালি (৬৫) ও বরুণাতৈল গ্রামের নির্মাণ শ্রমিক আকাশ (১৮)।
জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুর রউফ ঢালি তিন তলা বাড়ির খোলা ছাদে হাঁটার সময় পা পিছলে নিচে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণদাস বিশ্বাস গণমাধ্যকে জানান, হাসপাতালে আনার আগেই আবদুর রউফের মৃত্যু হয়েছে।
অপরদিকে সদর উপজেলার বরুণাতৈল গ্রামের ওমর আলির ছেলে আকাশ সকাল সাড়ে ৯টার দিকে শহরের জামরুল তলার ব্যবসায়ী রজব আলি মজনুর বাড়ির তৃতীয় তলায় থাই পাইপের কাজ করছিলেন।
নিরাপত্তা ব্যবস্থা না থাকায় তিনি সেখান থেকে পা ফসকে নিচে পড়ে যান। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
















