ইসলাম টাইমস ডেস্ক: ইরানের পরমাণু ইস্যু নিয়ে লেবাননে ইরানের সমর্থনপুষ্ট দল হিজবুল্লাহর ইসরায়েলকে দেয়া হুমকির জবাবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহসহ গোটা লেবাননকেই নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দেন।
গতকাল রবিবার এক সংবাদসম্মেলনে বক্তব্য প্রদানকালে নেতানিয়াহু এ হুমকি দেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর হুমকি দিলে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ বলেন, ‘ক্ষিপ্রতা ও শক্তিমত্তা নিয়ে ইসরায়েলে বোমা হামলার সক্ষমতা ইরানের আছে, তবে ইরান যুদ্ধ শুরু করবে না।’ তিনি এটাও বলেন, তেল আবিবসহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রসীমার মধ্যেই আছে।
নাসরাল্লাহর এসব বক্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল বলেন, ‘সপ্তাহান্তজুড়ে আমরা (ইসরায়েলের ওপর) হামলার পরিকল্পনা নিয়ে নাসরাল্লাহর দাম্ভিক কথাবার্তা শুনেছি। একটা কথা আমি স্পষ্ট বলতে চাই, ইসরায়েলে হামলার মতো ভুল করার সাহস যদি হিজবুল্লাহ দেখায়, তবে তাদেরকে এবং লেবাননকে সামরিক আঘাতে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব।’ সূত্র : এএফপি, রয়টার্স।
















