ইসলাম টাইমস ডেস্ক: দেশের জনগণের চাহিদা অনুযায়ী যত ত্রাণ লাগে তত দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দূর্যোগ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান। বন্যা দূর্গতদের মাঝে ৬৫০ মেট্টিক টন চাল, নগদ সাড়ে ৯ লাখ টাকা ও ৭ হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আজ বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে উপরোক্ত কথা গুলো বলেন।
তিনি বলেন, ‘দূর্যোগ সহনীয় পাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে বন্যা দূর্গতদের। যাতে দুটি রুম থাকবে। বন্যা দূর্গতদের মাঝে আগামী ঈদে ১৫ কেজি চাল দেওয়া হবে। বন্যাদূর্গত এলাকার শিশুদের জন্য ও গৃহপালিত গবাদিপশু রক্ষণাবেক্ষণে জন্য টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী।’
এছাড়া মৌলভীবাজারে বন্যা দূর্গতদের মাঝে বিতরণের জন্য নতুন করে ২শ মেট্টিক টন চাল বরাদ্দের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বন্যা দূর্গতরা ত্রাণ পাচ্ছে না এটা ঠিক নয়। ত্রাণের কোন অপ্রতুলতা নেই। বরাদ্দের ২শ মেট্টিক টন চাল এখনও রয়েছে।’
















