ইসলাম টাইমস ডেস্ক: আল হাইয়াতুল উলইয়ার অধীনে অনুষ্ঠিত তৃতীয় কেন্দ্রীয় পরীক্ষায় দেওবন্দি চিন্তাধারার বিরোধীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পরিপ্রেক্ষিতে টঙ্গীর সাতাইশ ও মজিদবাগ মাদরাসার বিরুদ্ধে আগামী পাঁচ বছর পর্যন্ত কোন পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার মতিঝিলে বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত সংস্থাটির সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া।
মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জানান, ভ্রান্ত ও দেওবন্দি চিন্তাধারার বিরোধী আকিদা পোষণকারী ‘অছাত্রদের’ দাওরায়ে হাদীস পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় সাতাইশ ও মজিদবাগ মাদরাসার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার অংশ হিসেবে আগামী পাঁচ বছর পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইয়াতুল উলইয়া। পাশাপাশি এ দু’টি প্রতিষ্ঠানে পরীক্ষার মারকাজ থাকলে, তা বাতিল করারও সিদ্ধান্ত গৃহীত হয় ওই বৈঠকে।
প্রসঙ্গত, সম্প্রতি দাওরায়ে হাদীসের ফল প্রকাশের পর জানা যায়, কওমি মাদরাসা ও দেওবন্দি চিন্তাধারার বিপরীতমুখী একটি সংগঠনের সভাপতি গাজীপুরের সাতাইশ মাদরাসা থেকে দাওরায়ে হাদীসের পরীক্ষায় অংশ নিয়েছিল।
















