চীনে গ্যাস প্লান্টে বিস্ফোরণ, নিহত ১০

ইসলাম টাইমস ডেস্ক: চীনের পার্বত্য অঞ্চল ইয়ামা সিটির একটি গ্যাস প্লান্টে আচমকা বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে অন্তত ১০ শ্রমিক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১৯ জন। তাছাড়া ভয়াবহ এ বিস্ফোরণের পর এখনো পাঁচ শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘জিনহুয়া’।

চীনা গণমাধ্যম ‘সিসিটিভি’ জানায়, শুক্রবার (১৯ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে ইয়ামা সিটিতে অবস্থিত হেনান কোল গ্যাস প্লান্টের বিস্ফোরণে অনেকেই হতাহত হয়েছেন; যাদের মধ্যে ১৯ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। তাদের বর্তমানে স্থানীয় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তবে আকস্মিক এ বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে গণমাধ্যমটি জানায়, বিস্ফোরণের পরপরই গ্যাস প্লান্টটির আশপাশের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত অনেক বাড়িঘরের জানালা ও দরজার কাচ ভেঙে পড়ে। তাছাড়া গ্যাস প্লান্টের পাশের একটি ইলেকট্রিক পোল সড়ক দিয়ে চলা গাড়ির উপরে পড়লে তাৎক্ষণিক কয়েকজন আহত হয়, এতে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশটির ঝুঁকিপূর্ণ শিল্প কারখানাগুলোতে এমন ধরনের বিস্ফোরণ একটি সাধারণ ঘটনা। যেখানে নিরাপত্তার বিষয়গুলো তেমনভাবে প্রয়োগ করা হয় না বলে অভিযোগ রয়েছে। যার অংশ হিসেবে গত মার্চে পূর্ব জিয়াংসু প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ৭৮ শ্রমিকের মৃত্যু হয়। এতে শতাধিক আহত হয় বলে দাবি কর্তৃপক্ষের।

এর আগে ২০১৫ সালে দেশটির উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনের আরও একটি রাসায়নিক প্লান্টে হওয়া বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ শ্রমিক নিহত হয়। যা ছিল চীনের সবচেয়ে মারাত্মক শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে একটি।

পূর্ববর্তি সংবাদগাজায় ইসরাইলি হামলায় ৯৭ ফিলিস্তিনি আহত
পরবর্তি সংবাদদেশ্রদ্রোহী প্রিয়া সাহাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না: ফয়জুল করীম