নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদরাসায় যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাকে গৃহবন্দী করা হয়নি। তার পাসপোর্ট ফেরত পাওয়া যায়নি। তিনি শাপলা চত্ত্বরে কোনো সমাবেশের ডাক দেননি। এ জাতীয় কোনো প্রচারে কান না দিতে আহবান জানিয়েছেন একান্ত সচিব মাওলানা ইন’আমুল হাসান ফারুকী।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।
ইসলাম টাইমসের পক্ষ থেকে স্ট্যাটাসের কারণ জানতে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘সারা দেশ থেকে বিভিন্নজনের ফোন এবং ফেসবুকের কিছু স্ট্যাটাস দেখে আমার মনে হয়েছে মানুষকে সতর্ক করা প্রয়োজন। তাই এ স্ট্যাটাস দিয়েছি।’
মাওলানা ইন’আম তার স্ট্যাটাসে কয়েকটি ফেসবুকে প্রচার পাওয়া কয়েকটি বিষয় অস্বীকার করেছেন। তাহলো, আল্লামা জুনায়েদ বাবুনগরী ‘গৃহবন্দী’, তার পাসপোর্ট ফেরত দেয়া হয়েছে, তিনি আগামী ১৫ ই নভেম্বর শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছেন, গতকাল এয়ারপোর্ট থেকে হুজুরকে ফিরিয়ে দেয়া হয়েছে।
তিনি এসব বিষয়কে অপপ্রচার ও সম্পূর্ন মিথ্যা বলে দাবি করেছেন এবং তাতে কান না দেয়ার অনুরোধ করেছেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী হাটহাজারী মাদরাসায় অবস্থান করে আপন দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে জানান তার একান্ত সচিব মাওলানা ইন’আম।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর সোহরাওয়ার্দি উদ্যানের শুকরানা মাহফিলে অনুস্থিত থাকা এবং শুকরানা মাহফিলে ‘শাপলা চত্ত্বরে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি’ এ মর্মে সরকারের একজন পদস্থ কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদ জানানোর পর আল্লামা জুনায়েদ বাবুনগরীকে নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রকার আশঙ্কামূলক গুজব ছড়িয়ে পড়েছে।
















