আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন রিফাত ফরাজী

ইসলাম টাইমস ডেস্ক: বরগুনায় রিফাত শরীফ হত্যার অন্যতম প্রধান আসামি রিফাত ফরাজী শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দুই দফা রিমান্ড শেষে বরগুনা বিচারিক হাকিমের আদালতে তিনি এই জবানবন্দি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হুমাযুন কবির সাংবাদিকদের বলেন, রিফাত হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে রিফাত ফরাজী জবানবন্দি দিয়েছেন।

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডের নিহত হওয়ার পর রিফাতই এ মামলার প্রধান আসামি। এ নিয়ে ১৫ আসামির ১৪ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হলো।

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফ নামের এক যুবককে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাঁকে রামদা দিয়ে কোপাচ্ছেন। ঘটনার দিন থেকেই নিখোঁজ হন তাঁরা। এর ছয় দিন পর ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। ওই দিন রাতেই রিফাত ফরাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

পূর্ববর্তি সংবাদবাড্ডায় ছেলেধরা সন্দেহে প্রতিবন্ধি নারীকে গণপিটুনি, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা
পরবর্তি সংবাদময়মনসিংহে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত যুবককে পুলিশে দিল জনতা