সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কদমতলা নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কদমতলা থেকে বাজার করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে স্টোন ব্রিকস ফিল্ড সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইলতুতমিস জানান,  খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি আগরদাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের নেতা নজরুল ইসলামের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত নজরুল ইসলামের বাড়ি আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামে। তার বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তার লাশটি পাওয়া যায়। এ ঘটনার পর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

সূত্র জানায়, এ হত্যাকাণ্ডসহ নজরুলের পরিবারে কমপক্ষে ৯ বার হামলার ঘটনা ঘটেছে। ২০১৬ সালের ৮ এপ্রিল রাতে এক বোমা হামলার ঘটনায় নজরুল আহত হন। এর পর তিনি নিরাপত্তা নিতে দীর্ঘদিন সাতক্ষীরা থানায় অবস্থান করছিলেন। এর আগে ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাতে নজরুলের ভাই সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর ২০১৭ সালের ১০ এপ্রিল নজরুলের ভাতিজা যুবলীগ নেতা রাসেল কবিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

পূর্ববর্তি সংবাদইস্তেগফার বনি আদমের প্রতি আল্লাহ তাআলার বড় নেয়ামত: আল্লামা তাকী উসমানী
পরবর্তি সংবাদঘরবাড়ি ভেঙে ফিলিস্তিনিদের উচ্ছেদ করছে ইসরায়েল