ইসলাম টাইমস ডেস্ক : তফসিল ঘোষণার পর কোনো দল বা কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনী ইসির নির্দেশ মোতাবেক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
তিনি বলেন, বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় কমিশন শতভাগ প্রস্তুত। এরপর কোনো বিশৃংখলা হলে ব্যবহস্থা নিবে নির্বাচন কমিশন।
বুধবার জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশন ভবনে সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তফসিলের বিষয়ে সরকার ও বিরোধী জোটের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ইসি কাদের কথা শুনবে- এমন প্রশ্নে সচিব বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনানুগভাবে তার দায়িত্ব পালন করবে।
হেলালুদ্দীন বলেন, সংলাপে আওয়ামী লীগ তফসিলের আগে কমিশনকে আর কোনো দলের সঙ্গে সংলাপ না করার পরামর্শ দিয়েছে। কোনো দল এমন কোনো পরামর্শ দিতে পারে কি-না জানতে চাইলে তিনি বলেন, তারা পরামর্শ দিয়েছেন। তবে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।
















