ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার বলেছেন, তিনি যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফেরার পর তালেবানের সঙ্গে আলোচনায় বসবেন। আফগানিস্তানে দীর্ঘ ১৮ বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সঙ্গে আলোচনা করবেন। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্রে তার প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে এসব কথা বলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একদিন আগে সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন। এখন ‘আমি তালেবানের সঙ্গে আলোচনা করবো এবং তাদেরকে আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো।’
শান্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠানে বক্তব্য দেয়ার সময় পাক প্রধানমন্ত্রী বলেন, ২০১৮ সালের জুলাইয়ে নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েকমাস পরে তিনি আফগান তালেবানের সাথে যোগাযোগ করেছিলেন। তবে তখন তিনি তাদের সাথে কোন আলোচনা করেননি কারণ কাবুলের অবস্থা তখন তালেবানের সাথে আলোচনার পক্ষে ছিল না।
তিনি বলেন, আমি সবর্দা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না।
তিনি আরো বলেন, ‘এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি আমি সক্ষম হয়েছি।’
















