ইসলাম টাইমস ডেস্ক : মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রংপুর কারা ও মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুল হোসেনের পক্ষে করা পৃথক দুটি আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রতি মৌখিক এ আদেশ দেন।
শুনানি শেষে মইনুলের আইনজীবী অ্যাডভোকেট মো. মাসুদ রানা গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি আরও বলেন, একই সঙ্গে এ সময়ের মধ্যে রংপুর থেকে অন্য কোনো জেলায় স্থানান্তর করার সময় ব্যারিস্টার মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দেয়ার মৌখিক নির্দেশ দিয়েছেন আদালত।
আদালত আগামী ১১ নভেম্বর এ রিট আবেদন দুটির ওপর শুনানির জন্য পরবর্তী দিন নির্ধারণ করেছেন।
















