ইসলাম টাইমস ডেস্ক : বৃহস্পতিবার সাতক্ষীরার জনসভায় যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃত্বের জন্য নির্ধারিত হেলিকপ্টার উড়তে না দেওয়ায় জোটের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বিকল্প পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি বলেন, ‘এটা নিশ্চিত যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকার এই জনসভা বন্ধ করার ব্যবস্থা করেছে। আমরা সরকারের এই গণতন্ত্রবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা লেভেল প্লেয়িং ফিল্ড গঠনের প্রতিশ্রুতির পরিষ্কার বরখেলাপ।’
‘এই ওয়াদা ভঙ্গ সরকারের সদিচ্ছার পরিচয় বহন করে না। কোনোক্রমেই ভবিষ্যতে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য হবে না এবং এ ধরনের ঘটনা হলে আমরা নিশ্চিতভাবে বিকল্প পদক্ষেপ নিতে বাধ্য হবো।’
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই অবিযোগ ও হুমকির কথা ব্যক্ত করেন বি. চৌধুরী।
তিনি বলেন, আজ সাতক্ষীরায় যুক্তফ্রন্টের উদ্যোগে জনসভা করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য সাতক্ষীরায় আমাদের সম্ভাব্য প্রার্থী গোলাম রেজা যুক্তফ্রন্টের উদ্যোগে এই জনসভা করার বিশাল আয়োজন সম্পন্ন করেছিলেন।
‘বৃহস্পতিবার সকালে আমাদের নেতৃবৃন্দ ও বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকদের যে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার কথা ছিল, সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়তে দেওয়া হয়নি।’
সাবেক রাষ্ট্রপতি বলেন, যুক্তফ্রন্টের এই জনসভা নিয়ে সাতক্ষীরার মানুষের বিপুল উৎসাহ উদ্দীপনা ছিল এবং তারা জনসভা সফল করার জন্য এগিয়ে এসেছিলেন। যুক্তফ্রন্টের উদ্যোগে ঢাকার বাইরে মফস্বল অঞ্চলে এটাই ছিল বিশাল গণসংযোগ এবং প্রথম জনসভা।
















