আফগান ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর অফিসে বোমা হামলা, নিহত ২০

ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের কাবুলে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী আমরুল্লাহ সালেহর কার্যালয়ে বোমা হামলা চালানো হয়। এতে ২০ জন নিহত এবং আহত হয় আরও অর্ধশতাধিক। খবর ডেইলি সাবাহর।

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে রোববার থেকে। আর প্রথম দিনই রাজধানীর গ্রিন ট্রেন্ড ভবনের ওই অফিসকে লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হলো।

আফগানিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির পক্ষ হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে লড়ছেন আমরুল্লাহ সালেহ। বোমা বিস্ফোরণের ঘটনায় সামান্য আহত হয়েছেন তিনি।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, এটি একটি আত্মঘাতী হামলা ছিল। হামলাকারী অফিস ভবনটির সামনে পার্ক করা বিস্ফোরক ভর্তি একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়।

এর পরপরই বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারী গ্রিন ট্রেন্ড ভবনের ভেতর ঢুকে যায়। প্রায় ৬ ঘণ্টার মতো ভবনের ভেতর অবস্থানের পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করতে সফল হয়।

অভিযান শেষে ভবনটি থেকে প্রায় দেড়শ’ বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

পূর্ববর্তি সংবাদহজ্ব করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদপঞ্চগড়ে স্কুলের দেয়াল ধসে প্রাণ গেল ছাত্রীর