ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক গার্লিক ফেস্টিভ্যালে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন।
লস এঞ্জেল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির উত্তর ক্যালিফোর্নিয়ার গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে রবিবার এক বন্দুকধারী হামলা চালায়।
স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করেছে বলেও জানিয়েছেন ব্রাক্কো।
প্রত্যক্ষদর্শী ১৩ বছরের শিশু ইভেনি রেয়েস সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে ভেবেছিলাম হয়তো আতশবাজির শব্দ হচ্ছে। তবে কিছুক্ষণ পর একজনের পায়ে গুলির চিহ্ন দেখতে পাই। একটি শিশুকে মাটিতে পড়ে থাকতে দেখেছি।
ক্যালিফোর্নিয়ায় এ গার্লিক ফেস্টিভ্যাল বা রসুন উৎসব শুরু হয় ১৯৭৯ সালে। এটিকে বিশ্বের বৃহত্তম গ্রীষ্মকালীন খাবার উৎসব হিসেবে বিবেচনা করা হয়। এ উৎসব থেকে স্থানীয় স্কুল, দাতব্য সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর জন্য তহবিল সংগ্রহ করা হয়ে থাকে। সূত্র: এপি, দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিএনএন।
















