ঢাকাজুড়ে ২৪টি পশুর হাট

ইসলাম টাইমস ডেস্ক: কোরবানির পশু বেচাকেনার জন্য এবার রাজধানী ঢাকাজুড়ে ২৪টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গাবতলীর স্থায়ী পশুর হাটসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১০টি এবং দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৪টি।

নিয়ম অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে এসব হাটে পশু বেচাকেনা শুরু হবে, চলবে ঈদের আগের দিন পর্যন্ত।

এই ২ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ থেকে জানা যায়, উত্তর সিটির স্থায়ী গাবতলীর হাট ছাড়া ৯টি হাটের সর্বোচ্চ দর ১৩ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৭৮৬ টাকা। আর দক্ষিণ সিটির ১৪টি হাটের সর্বোচ্চ দর ৮ কোটি ৮৭ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে ২৩টি হাট ইজারা দেওয়া হয়েছে ২২ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৬২৭ টাকায়।

ডিএনসিসি এলাকার হাটগুলো হলো উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ ও ২ নম্বর ব্রিজের পশ্চিমের ফাঁকা জায়গা; ভাটারা (সাঈদ নগর) পশুর হাট; ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউটের খেলার মাঠ; মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়কসংলগ্ন (বছিলা) পুলিশলাইনসের খালি জায়গা; মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ (ইস্টার্ন হাউজিং)-এর খালি জায়গা; মিরপুর ডিওএইচএস সংলগ্ন উত্তর পাশের সেতু প্রপার্টি ও সংলগ্ন খালি জায়গা; বাড্ডার ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই সেকশন-৩-এর খালি জায়গা; কাওলা-শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা ও ভাষানটেক রাস্তার নির্মাণাধীন অব্যহৃত ও পরিত্যক্ত অংশ এবং পাশের খালি জায়গা।

ডিএসসিসি এলাকার ১৪টি হাট হলো উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘের মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, ঝিগাতলা-হাজারীবাগসংলগ্ন আশেপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠসংলগ্ন আশেপাশের খালি জায়গা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধসংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর বালুর মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজারসংলগ্ন আশপাশের খালি জায়গা, ৩২ নম্বর ওয়ার্ডের সামসাবাদ মাঠসংলগ্ন আশপাশ এলাকার খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাবসংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, শনির আখড়া ও দনিয়া মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, ধূপখোলা মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, ৪১ নম্বর ওয়ার্ডের কাউয়ারটেক মাঠসংলগ্ন আশপাশের খালি জায়গা, দাওকান্ডি ইন্দুলিয়া ভাগাপুর নগর (আফতাব নগর ইস্টার্ন হাউজিং মেরাদিয়া মৌজার সেকশন-১ ও ২) লোহারপুলের পূর্ব অংশ এবং খোলা মাঠসংলগ্ন আশেপাশের খালি জায়গা ও আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা।

পূর্ববর্তি সংবাদসরকার ডেঙ্গুর ভয়াবহতা অনুধাবন করতে ব্যর্থ হয়েছে: ড. কামাল
পরবর্তি সংবাদবাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি মহামারির পর্যায়ে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর উদ্বেগ