ইসলাম টাইমস ডেস্ক: কওমি ফোরাম কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভায় নবীণ আলেমদেরকে যোগ্য নেতৃত্বের জন্য পূর্বসূরীদের আদর্শ অনুসরণ এবং নিজেদেরকে তাদের মতো গড়ে তোলার চেষ্টা করতে আহ্বান করা হয়েছে।
আজ শুক্রবার (২ আগস্ট) জুমআর পর রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কওমি ফোরামের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়৷
সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষাবোর্ড আলহাইআতুল উলয়া লিলজামিআতিল কওমিয়ার অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের গত ৩ বছরের পরীক্ষায় মুমতাজ বিভাগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনার এ আয়োজন করে সংগঠনটি৷
কওমি ফোরামের সমন্বয়ক মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা ওয়ালী উল্লাহ্ আরমান, মাওলানা গাজী ইয়াকুব, মাওলানা মুরতাজা হাসান ফয়জী মাসুম৷ সবাই সংগঠনটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।
এ ছাড়াও আমন্ত্রিত মেহমান হিসাবে বক্তব্য রাখেন জামিয়া রাহমানিযার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, জামিয়া কুরআনিয়া লালবাগের মুহাদ্দিস মাওলানা জুবায়ের আহমাদ, নতুনবাগ মাদরাসার প্রিন্সিাল মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাদানী নগর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা বশিরুদ্দিন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা রাফি বিন মুনির, করাইল টিএন্ডটি জামিয়া মুহাম্মাদিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ওয়াজেদ আলী প্রমূখ ৷
















