ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের শপিং মলে শ্বেতাঙ্গ বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন।
শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসো শহরের সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি দোকানে এ গোলাগুলি হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্বেতাঙ্গকে আটক করেছে পুলিশ। তারা বলছে, ওই ব্যক্তি একাই এ হত্যাকাণ্ড চালিয়েছেন। তার নাম প্যাট্রিক ক্রুসিয়াস (২১)।
সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি পাওয়া গেছে। তাতে দেখা গেছে, কালো টি-শার্ট পরে এ নৃশংস হামলা চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোও একই ছবি প্রচার করেছে।
আটক ২১ বছর বয়সি সন্ত্রাসী প্যাট্রিক ক্রুসিয়াস ডালাস এলাকার অধিবাসী। পুলিশ বলছে, এ বিষয়ে আর কোনো হুমকি নেই বলে তারা ধারনা করছেন।
শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটবার্তায় তিনি বলেন, এল পাসোর ঘটনা অতি পীড়াদায়ক। এতে অনেকের প্রাণ ঝরেছে।
ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্প ‘মার্কিন যুক্তরাষ্ট্র শ্বেতাঙ্গদের দেশ’ বলে একটি ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যেখানে অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন অনাহুত। তার গৃহিত নীতির ফলে উগ্র শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীরা অ-শ্বেতাঙ্গদের বিরুদ্ধে হামলা চালাতে উসকানি পাচ্ছেন বলে বিশ্লেষকরা মনে কর থাকেন।
















