আজ ফজরের আগেই কাবায় পরানো হলো নতুন গিলাফ

ইসলাম টাইমস ডেস্ক: ১৪৪০ হিজরি সনের হজ্ব মৌসমে কাবার গিলাফ আজ পরিবর্তন করা হয়েছে। আজ শনিবার (১০ আগস্ট) পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো এবার ফজরের নামাজের আগে কাবার গিলাফ পরানো হলো। এর আগে আরাফার দিন সকালে কাবা শরিফে নতুন গিলাফ পরানো হতো।

মক্কা-মদিনার গভর্নর শাইখ আব্দুর রহমান আস সুদাইসির উপস্থিতিতে প্রায় ১৬ হাজার কর্মকর্তা কাবার গিলাফ পরিবর্তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শাইখ আব্দুর রহমান আস সুদাইসি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আল্লাহ আমাদের দেশকে হাজিদের সেবা করার সুযোগ প্রদান করেছেন। আমরা তার শুকরিয়া আদায় করছি।

হজ মৌসুম এলে কাবার গিলাফকে নীচ থেকে ভাঁজ করে অনেকটা ওপরে তোলে গুটিয়ে রাখা হয় এবং ভাঁজকৃত গিলাফকে সাদা কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়। ফলে সারা বছর কালো গিলাফে আচ্ছাদিত গিলাফ দেখা গেলেও হজের সময় দেখা যায়, কাবা ঘরের খালি কিছু অংশ এবং কিছু অংশ সাদা কাপড়ে ঢাকা। আজ থেকে সেটাও আর দেখা যাবে না। বদলে ফেলা হলো কাবার গিলাফ।

হজের দিন হাজিরা সব আরাফাতের ময়দানে থাকেন এবং মসজিদে হারামে মুসল্লিদের ভিড়ও থাকে কম। হজপালনকারীরা মিনা, মুজদালিফা ও আরাফাত থেকে ফিরে এসে কাবা শরিফের গায়ে নতুন গিলাফ দেখতে পাবেন।

 

পূর্ববর্তি সংবাদ‘দখলদার’ সরদার প্যাটেলের জন্মদিবসে কার্যকর হচ্ছে খণ্ডিত কাশ্মীর
পরবর্তি সংবাদলাখো হাজীর তালবিয়া ধ্বনিতে মুখরিত আরাফা ময়দান