আবারও ‘ভিআইপি’র জন্য ফেরি আটকে রাখার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে যুগ্ম সচিবের অপেক্ষায় ফেরি না ছাড়ায় দুর্ঘটনায় আহত স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বলেন, ‘রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন।’

ওই ঘটনার রেশ না কাটতেই শনিবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আবারও ‘ভিআইপি’ পারাপারের জন্য ঘাটে ‘কর্ণফুলী’ নামের একটি ফেরিকে আটকে রাখার অভিযোগ উঠেছে।

যাত্রী ও গাড়ি চালকরা জানান, ফেরিটিতে গাড়ি লোড না করে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে ছিল। তবে ফেরিটির চালক মনিরুজ্জামান মনির এ অভিযোগ অস্বীকার করে মুঠোফোনের সংযোগ কেটে দেন।

এ বিষয়ে শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান দাপ্তরিক কাজে মাদারীপুরে যাচ্ছিলেন। তবে তার জন্য ১০ মিনিটের বেশি দেরি করা হয়নি। ওই সময় ছোট গাড়িগুলোকে রো-রো ফেরিতে দেওয়া হচ্ছিল। তার জন্য ফেরি আটকে রাখা হয়নি।

সাফায়েত আহমেদ বলেন, দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান ও পুলিশের সাবেক আইজিপি শহিদুল হককে ভিআইপি হিসেবে নয়, ‘বিশেষ সম্মান’ দেখিয়ে তাদের গাড়ি আগে ফেরিতে ওঠানো হয়েছে। কর্ণফুলী ফেরিতে তাদের গাড়ির সঙ্গে অন্যান্য যানবাহনও ছিল।

পূর্ববর্তি সংবাদকাশ্মীর প্রশ্নে ভারতের পাশেই আছে রাশিয়া
পরবর্তি সংবাদএবার দিল্লি-লাহোর রুটে বাস সেবাও বন্ধ করল পাকিস্তান