ইসলাম টাইমস ডেস্ক: চীনের উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘লেকিমা’ আঘাতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে ১০ লাখেরও বেশি বাসিন্দাকে বিপজ্জনক এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ঘূর্ণিঝড়ের কারণে ওয়েনঝু নামক স্থানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৪ জন নিখোঁজ আছে।
বিবিসি সূত্রে জানা গেছে, আজ শনিবার সকালে, চীনের উপকূলে ঘূর্ণিঝড় লেকিমা আঘাত হানে। চীনের বাণিজ্যিক রাজধানী সাংহাই ও তাইওয়ানের মধ্যবর্তী অনলিং নামক স্থানে এটি আছড়ে পড়ে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়কে ‘সুপার টাইফুন’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে ভূমিতে আছড়ে পড়ার আগেই এটি কিছুটা দুর্বল হয়ে পড়ে। ভূমি অতিক্রম করার সময় প্রতি ঘণ্টায় বাতাসের বেগ ছিল ১৮৭ কিলোমিটার।
বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে প্রচুর গাছ ভেঙে পড়েছে। ব্যাপক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। জরুরি কাজে নিয়োজিত কর্মীরা বন্যার মধ্যেও সড়ক যোগাযোগ সচল রাখতে রীতিমতো যুদ্ধ করছেন।
সাংহাই কর্তৃপক্ষ ঝড়ের প্রস্তুতি হিসেবে প্রায় ১ হাজার ফ্লাইট বাতিল করেছে ও শহরের ট্রেন সেবা স্থগিত করেছে। তবে তারা আশা করছে, সাংহাইয়ে আক্রমণের আগেই ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়বে। তবে এটি ভয়ংকর বন্যা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে সাংহাই থেকে প্রায় আড়াই লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে সেসাং থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮ লাখ লোক।
















