ইসলাম টাইমস ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, প্রবীণ আলেমে দীন, বাংলাদেশর প্রাচীনতম কওমী মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তিহাদুল মাদারিসের পরীক্ষা নিয়ন্ত্রক, বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার পরিচালক ও অসংখ্য কিতাবের লেখক হযরত মাওলানা রহমতুল্লাহ কাওসার নিজামী ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ৯.১০ মিনিটে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইসলাম টাইমসকে মৃত্যুর সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন জামিয়া পটিয়ার ফাযেল মাওলানা এরফানুল হক।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। স্ত্রী সহ ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
আজ আসর নামাজের পর জামিয়া প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং জামিয়ার কেন্দ্রীয় কবরস্থান ‘মাকবারারে আজিজি’ এ দাফন করা হবে।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। সম্প্রতি শারিরিক অসুস্থতা বৃদ্ধি পেয়ে তাঁর অবস্থার অবনতি হওয়ায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
















