যমুনায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু, নিখোঁজ ৩

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া কুড়িপাড়া এলাকার যমুনা নদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর জেলার মাদারগঞ্জের করলাকান্দি গ্রামের ইউছুফ আলীর স্ত্রী জহুরা বেগম (৩০) ও সারিয়াকান্দি উপজেলার মানিকদাইড় গ্রামের মনছের আলীর স্ত্রী আমেনা বেগম। নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ৪০ জনের বেশি যাত্রী নিয়ে একটি নৌকা মানিকদাইড় চর থেকে সারিয়াকান্দির কালিতলা ঘাটে  যাচ্ছিল। অতিরিক্ত যাত্রীবোঝাই করার কারণে তলা ফেটে নৌকাটি যমুনা নদীতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নদীর ভাটি থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার ঘোষ গণমাধ্যমকে জানান,  নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয় লোকজন যমুনা নদীর ভাটিতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

পূর্ববর্তি সংবাদকাঁচা চামড়া রফতানির অনুমোদন, নতুন সিদ্ধান্ত সরকারের
পরবর্তি সংবাদঅস্ট্রেলিয়ায় দুই নারীকে যুবকের ছুরিকাঘাত, নিহত ১