এক দিনেই সড়ক পথে ২৪ জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ঈদ শেষে কর্মস্থলে ফেরার পথে আজ বৃহস্পতিবারেই সড়কে ঝরে গেছে ২৪ জনের প্রাণ। এ হিসাব বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সময়ের। এর মধ্যে ফেনীতে আটজন, কিশোরগঞ্জ ও ফরিদপুরে তিনজন করে, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দুজন করে এবং গোপালগঞ্জ, টাঙ্গাইল, ভোলা, বরিশাল, নরসিংদী ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছেন। এর আগে ঈদের ছুটিতে সড়কপথে নিহত হয়েছেন ৪৫ জন।

ফেনীতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস গাছের সাথে ধাক্কা লেগে আট যাত্রী নিহত ও ২০ জন গুরুতর আহত হয়েছেন। রাজধানীর মিরপুর থেকে প্রাইম পরিবহনের একটি পিকনিক বাস বৃহস্পতিবার সকালে কক্সবাজার যাচ্ছিল। বাসটি লেমুয়া এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মহাসড়কের বাইরে গাছের সাথে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যায়। পরে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান। এদের মধ্যে একটি শিশুও আছে।

কিশোরগঞ্জের কটিয়াদীর আচমিতায় ইটবোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে আজ বৃহস্পতিবার একটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আরো চার যাত্রী গুরুতর আহত হন। বৃহস্পতিবার সকালে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ঘটনাস্থলেই নিহত হন। বাকিদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত তোফাজ্জল ও ওমর ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাতজন হতাহত হওয়ায় সিএনজি অটোর যাত্রীর সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। কেউ কেউ বলছেন, ছয়জনের স্থলে সিএনজি অটোতে সাতজন যাত্রী ছিলেন। সে কারণে চালক গাড়ি সামলাতে না পারায় দুর্ঘটনাটি ঘটে।

কটিয়াদী মডেল থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওয়াপাড়া সেতুর কাছে বিপরীতমুখী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। তবে এখন পর্যন্ত নিহত দুজনের নাম জানা যায়নি। সকালে ফরিদপুর থেকে টেকেরহাটগামী একটি লোকাল বাসের সাথে বিপরীতমুখী বরিশাল থেকে রংপুরগামী তুহিন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লোকাল বাসের চালক ও এক নারী যাত্রী নিহত হয়। আর এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে আরো একজন নিহত হয়েছেন। নিহত দুজনের মরদেহ ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় শিশুসহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মাসহ আরো পাঁচজন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের ইমাদপুর মোদকবাড়ি নামক স্থানে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের বাস ও শেরপুরগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সিএনজি দিয়ে শেরপুর যাবার পথে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রতগামী সোনার বাংলা ইমাদপুর মোদকবাড়ি নামক স্থানে যাত্রীবাহী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে হয়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু জায়েদ মারা যায়। আহতদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা সিরাজ (৪৫) তামান্না (২৬) বেগম (৩৫) মালেকা (৩০) ও নিহত শিশুর মা কাজলী বেগম (৩৬) কে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসকরা সিরাজকে মৃত ঘোষণা করেন। তাদের মধ্যে তামান্নার অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার কোনাবাড়ী এলাকায় যাত্রীবাহী তিনটি বাসের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

গোপালগঞ্জে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেলে আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তুহিনের স্ত্রী সাথী বেগম (২৫) গুরুতর আহত হন। আহত সাথী বেগমকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলের সখীপুরে পিকআপভ্যানের চাপায় ইসতিয়াক আহমেদ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোলায় মাহিন্দ্র চাপায় পারভেজ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার ব্যারিস্টার কাঁচারিবাজারে এ ঘটনা ঘটে। নিহত পারভেজ ভোলার সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ব্যারিস্টার কাঁচারি এলাকার মো. শাহাবুদ্দিনের ছেলে।

ব‌রিশালের বাবুগঞ্জ উপজেলায় বা‌সচাপায় আবুল হাসানাত রাসেল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক আরোহী।

নরসিংদীর রায়পুরা থানার মাহমুদাবাদ নামক স্থানে বাস দুর্ঘটনায় এক নারী নিহত ও ১২ যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের হাটহাজারীর থানার ১১ মাইল এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আবু আলম (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে থানার পশ্চিম মেখলের সানাউল্লাহ খন্দকার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু আলম স্থানীয় লালমিয়ার ছেলে।

ঈদযাত্রা এবং ঈদ উদযাপন শেষে ফেরার পথে সড়কপথে নিহত হওয়ার ঘটনা যেন রোধ করার কোনো ব্যবস্থাই নেই। ঈদে বাড়িতে যাওয়া ও বাড়ি থেকে ফেরা প্রচণ্ড আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে।

পূর্ববর্তি সংবাদশাহরাস্তিতে ডেঙ্গুতে হাফেজিয়া মাদরাসা- ছাত্রের মৃত্যু
পরবর্তি সংবাদভিপি নুরের দাবি, এমপির নির্দেশে তার ওপর হামলা করেছে স্থানীয় আওয়ামী লীগ