ইসলাম টাইমস ডেস্ক: ‘কাশ্মীরের সংকট শুধু কাশ্মীরীদের নয়, বরং বাংলাদেশেরও’ বলেছেন দেশের প্রবীণ আলেম আল্লামা নূর হোসাইন কাসেমী। কাশ্মীরের জনগনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে গতকাল শুক্রবার তিনি এই কথা বলেন।
ঢাকা মহানগরের শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের গেইটে আয়োজিত সমাবেশের পরে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমাদের এই আওয়াজ কাশ্মীরীদের সাহস জোগাবে। আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। আমরা চাই সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ ফেরত আনা হোক। না হলে কাশ্মীরের জনগন স্বাধীনতার আন্দোলন শুরু করুক। বাংলাদেশের জনগণ তাদের পাশে থাকবে। আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। আমাদের প্রতিবাদ অব্যহত থাকবে।”
‘কাশ্মীরী সংহতি পরিষদ’ এর নামে শুক্রবার সমাবেশটি হয়েছে। ঈদের আগে একইভাবে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া বেশ কয়েকটি সংগঠন বিবৃতি পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে।
প্রসঙ্গত, কাশ্মীর ইস্যুতে বাংলাদেশের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। শুধুমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”
















