ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি ট্রেনের পরিত্যক্ত বগির শৌচাগার থেকে এক মাদ্রাসাছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকা রেলওয়ে পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ বিকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত আসমা আকতার (১৭) পঞ্চগড় সদর উপজেলার কোনাপাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের মেয়ে। সে স্থানীয় খানবাহাদুর মাদ্রাসা থেকে এসএসসি সমমান পরীক্ষায় পাস করেছে। ৩ বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল তৃতীয়। এ সব তথ্য নিশ্চিত করেছেন নিহতের চাচা রাজু আহামেদ।
ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার উপপরিদর্শক (এসআই) রশো বণিক সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ওই লাশের বিষয়ে জানতে পারে। পরে স্টেশনের বলাকা এক্সপ্রেসের একটি পরিত্যক্ত বগির শৌচাগার থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আসমাকে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসমার হত্যার ধরনসহ অন্যান্য বিষয় জানা যাবে। ময়নাতদন্তের জন্য আসমার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, আসমার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
















