ইসলাম টাইমস ডেস্ক: ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার ১৬ আসামি এখনও পলাতক। পলাতক আসামিদের গ্রেফতার এবং বিদেশে থাকা আসামিদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নেয়া হলেও সে কার্যক্রম চলছে খুব ধীরগতিতে।
জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামিদের লোকেশন আমরা পেয়েছি। বঙ্গবন্ধুর খুনি ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে।
২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের আরও কতিপয় নেতৃবৃন্দের উপর ওই গ্রেনেড হামলার ঘটনা ঘটে। তদন্তে উঠে আসে, তৎকালীন চারদলীয় জোট সরকারের শীর্ষ পর্যায়ের ইন্ধনে ওই নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী জনসভায় নৃশংস ও বর্বরোচিত ওই হামলার ঘটনা ঘটে।
এতে দলের মহিলা বিষয়ক সম্পাদক প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ’ নেতাকর্মী। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান
















