ইসলাম টাইমস ডেস্ক: বিআরটিসিতে যারা ওপরের স্তরের কর্তা আছেন, তারাই লাভের অংশকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, লাভের গুড় এখানে পিঁপড়ায় খেয়ে ফেলে। লাভের গুড় যখন পিঁপড়ায় খেয়ে ফেলে, তখন লোকসান ছাড়া কিছুই হবে না।
আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিআরটিসি শ্রমিক-কর্মচারী লীগ (সিবিএ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিমুক্ত না হলে বিআরটিসি লাভের মুখ দেখবে না। বিআরটিসিকে লাভজনক করতে আমি সবার সহযোগিতা চাচ্ছি। আমি বিআরটিসির ব্যাপারে কঠিন হতে চলেছি।
তিনি বলেন, বিআরটিসি থেকে দুর্নীতি-অনিয়ম বন্ধ করা হবে। নতুন গাড়িগুলো এসে বহর আরও সমৃদ্ধ হয়েছে। আপনারা সহযোগিতা করলে বিআরটিসিকে লাভবান করা সম্ভব। এই প্রতিষ্ঠানকে লাভজনক করার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবো।
















