কাশ্মীরে ১০ দিন ফোন সেবা বন্ধ থাকলে ক্ষতি নেই: সত্যপাল

ইসলাম টাইমস ডেস্ক: জম্মু-কাশ্মীরে ফোন সেবা বন্ধ থাকা নিয়ে সাফাই গেয়ে রাজ্যের গভর্নর সত্যপাল মালিক বলেছেন, ১০ দিনের জন্য ফোন সেবা বন্ধ থাকলে ক্ষতি নেই। রবিবার দিল্লিতে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্যে যোগ দিতে এসে তিনি এ কথা বলেন।

গভর্নর সত্যপাল মালিকের দাবি, এতে প্রয়োজনীয় পণ্য আমদানি-রফতানিতে কোনও সমস্যা তৈরি হয়নি। বরং সমস্যা হতো মানুষের প্রাণহানি হলে।

তিনি বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা বন্ধ না করলে কাশ্মীরে অতীতের মতোই প্রাণহানি হত। যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখন পর্যন্ত রাজ্যের কোথাও মৃত্যুর খবর নেই।’

৩৭০ অনুচ্ছেদ তুলে দিয়ে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। এরপর কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। জারি করা হয় কারফিউ।

সবশেষ কাশ্মীরের কিছু অংশে মোবাইল সেবা চালু করা হয়। তবে এখনো বিশাল অংশে ফোন সেবা বন্ধ রয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যে ৯৭টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে কাজ করছে মাত্র ২৫টি। ৩৫ হাজার ল্যান্ড লাইনের মধ্যে চালু হয়েছে মাত্র ১৪ হাজারটি।

পূর্ববর্তি সংবাদইলিশ: জেনে নিন কোনটি পদ্মার, কোনটিতে স্বাদ বেশী
পরবর্তি সংবাদকুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করেছে তালীমুদ্দীন ফাউন্ডেশন