ইসলাম টাইমস ডেস্ক: বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে (১৪) বাড়ি থেকে তুলে নিয়ে আটদিন আটকে রেখে ধর্ষণ করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম। এমন অভিযোগ করেছেন স্কুলছাত্রী ও তার পরিবার।
গেল রোববার ভোরে শ্যামনগর সদরের গোপালপুর এলাকা থেকে ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা হাফিজুল বাড়ির ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যায়। তবে স্কুলছাত্রীকে ধর্ষণে সহযোগিতা করায় গোপালপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে ১৮ আগস্ট সন্ধ্যায় নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। সে উপজেলা কৈখালী ইউনিয়নের পশ্চিম শৈলখালি গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। হাফিজুল ইসলাম গোপালপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
নির্যাতিত স্কুলছাত্রী জানায়, ১৮ আগস্ট সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে যায় হাফিজুল। এরপর শ্যামনগর সদরের গোপালপুর এলাকায় হাফিজুলের পরিচিত এক প্রবাসীর বাড়িতে আমাকে রাখে। সেখানে টানা আটদিন আমাকে ধর্ষণ করে হাফিজুল। এই কাজে সহযোগিতা করেছেন ওই প্রবাসীর স্ত্রী।
















