ইসলাম টাইমস ডেস্ক : বাসের দুই কন্ডাক্টরকে মারধরের প্রতিবাদে সাতক্ষীরার সব রুটে মঙ্গলবার সকাল ১০টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ছাত্রলীগের দুই স্থানীয় নেতা তানজির ও রাসেল তাদের সহযোগীদের নিয়ে মারপিট করেছে বলে অভিযোগ শ্রমিকদের। তাদের দাবি, এর বিচার না হওয়া পর্যন্ত তারা গাড়ি চালাবেন না।
সোমবার বিকালে মাদ্রাসা এলাকায় ৩৩৯ নম্বর বাসের কন্ডাক্টর লিটন হোসেনকে মারপিট করে ছাত্রলীগের তানজির ও তার দলবল। পর দিন মঙ্গলবার সকালে শহরের নবারুন মোড়ে ছাত্রলীগের মো. রাসেল তার সহযোগীদের নিয়ে ফের মারপিট করে ৩২৭৬ নম্বর বাসের কন্ডাক্টর মো. আসাদকে। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বাস শ্রমিকেরা। এদিকে পরপর দুদিনের মারপিটের প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা মালিকদের সঙ্গে সমঝোতা করে আজ থেকে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।
জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম সাবু বলেন, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু কোনো প্রতিকার হয় না। এবার প্রতিকার না হওয়া পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ থাকবে।
অপর দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান বলেন, তানজির ও রাসেল নামে কোনো সদস্য নেই তার সংগঠনে।
















