ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা উত্তরা মুন্সিপাড়ায় বাইতুল মুমিন মাদরাসায় অনুষ্ঠিত লেখালেখির বুনিয়াদী কর্মশালায় আলোচকরা বলেন,তরুণ আলেমদের লেখালেখি চর্চার ক্ষেত্রে ইসলামের সেবা, মুসলিম স্বার্থ ও ইসলাম বিরোধীদের যথাযথ জবাব দানের লক্ষ্য ঠিক রাখতে হবে। তারা বলেন, ইসলামের আদর্শ তুলে ধরে লেখালেখি করার জন্য এখন অনেক আলেম লেখক দরকার।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে মাওলানা শরীফ মুহাম্মদ বলেন, আদর্শের জায়গায় আলেম লেখকদেরকে অত্যন্ত যত্নবান থাকতে হবে। সহজ ভাষায় ইসলাম ও ইসলামের নীতি-আদর্শ তুলে ধরতে হবে মানুষের সামনে। তিনি তরুণ লেখকদের কে সহজ ভাষা রপ্ত করা, বিভিন্ন বিষয়ের নমুনা লেখা পাঠ করা এবং লেখার জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত নিয়ে পড়াশোনা করার ওপর জোর দেন।
মাওলানা নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও আলোচনা করেন লেখক ফোরামের সভাপতি জহির উদ্দিন বাবর, মাওলানা মুনীরুল ইসলাম, ছড়াকার সাঈদ ওসমান, মাওলানা শামসুদ্দীন সাদী, মাওলানা এমদাদুল হক তাসনিম।
মাওলানা হাবীবুল্লাহ সিরাজের সঞ্চালনায় এ কর্মশালায় উত্তরা এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেন শতাধিক নবীন আলেম ও মাদ্রাসা ছাত্র। বিকেল তিনটা থেকে শুরু হয়ে কর্মশালা চলে এশা পর্যন্ত।
















