মন্ত্রণালয়ের চেক জালিয়াতি করে ৩৫ লাখ টাকা তুলতে গিয়ে ওসি-এসআই আটক

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চেক জালিয়াতি করে ৩৫ লাখ টাকা উত্তলন করার অভিযোগে গ্রেফতার হয়েছেন ঢাকা রেঞ্জের এক পরিদর্শক (ওসি) ও উপ-পরিদর্শক (এসআই)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

গ্রেফতার হওয়া দুই পুলিশ সদস্য হলেন- ঢাকা রেঞ্জের পুলিশ পরিদর্শক (ওসি) মীর আবুল কালাম আজাদ (৪৫) ও উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান (৩৮)। মীর আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দেলপাড়া গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে এবং মোস্তাফিজুর রহমান টাঙ্গাইল সদরের বায়েটা গ্রামের আকবর হোসেনের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আসামিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তার কার্যালয় থেকে ৩৫ লাখ টাকার চেক সংগ্রহ করে। তারা চেকটি লিখে জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক কাকরাইল শাখায় জমা দেয়। চেকের স্বাক্ষরের সাথে নমুনা স্বাক্ষরের মিল না থাকায় বাংলাদেশ ব্যাংক আমাকে ফোন করে।

সোনালী ব্যাংকের কাকরাইল শাখার নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা (নং ৩৩) দায়ের করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৪ জুলাই মীর আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমান সুকৌশলে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় (স্বরাষ্ট্র মন্ত্রণালয়)-এর চেক নং ক-৭৮৬৮২৯৩ সংগ্রহ করে অঙ্কের ঘরে ৩৫ লাখ টাকা লিখে জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংকের কাকরাইল শাখায় জমা দেয়। পরে ২৮ তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে ফোন করে নমুনা স্বাক্ষরে মিল না থাকার কথা জানানো হয়। পরে মামলার বাদী শফিকুল ইসলাম ব্যাংক ম্যানেজারকে ফোন করে চেকটির ক্লিয়ারেন্স না দিতে অনুরোধ করেন। একই সঙ্গে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের কাকরাইল শাখা বরাবর একটি চিঠি পাঠানো হয়।

এজাহারে আরও বলা হয়েছে, মীর আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমান জালিয়াতির আশ্রয়ে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা রেঞ্জ কার্যালয়ের কর্মকর্তাদের সহায়তায় ওই দুই পুলিশ সদস্যকে আটকের পর বুধবার (২৮ আগস্ট) তাদের রমনা থানায় সোপর্দ করা হয়।

পূর্ববর্তি সংবাদদেরিতে স্কুলে আসায় শিক্ষকের মারধরে ছাত্রী হাসপাতালে
পরবর্তি সংবাদআমাদের এমনভাবে মেরেছে, যেন আমরা পশু: সেনা নির্যাতনের শিকার কাশ্মীরি