ইসলাম টাইমস ডেস্ক: আসামের নাগরিক তালিকা- এনআরসি থেকে ১৯ লাখ অধিবাসীকে বাদ দেয়ার ঘটনায় বাংলাদেশ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি৷ তবে সীমান্তে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা৷
বাংলাদেশ অবশ্য বরাবারই জানিয়ে এসেছে আসামের নাগরিকপঞ্জি একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ নিয়ে বাংলাদেশের কোনো মন্তব্য নেই৷ কিন্তু ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বারবার তালিকায় বাদ পড়াদের বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ অভিবাসী বেল আখ্যা দেয়ায় এ নিয়ে সীমান্তে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
এদিকে বাংলাদেশের সীমান্ত এলাকা, বিশেষ করে সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজেবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ আসামে যাদের নাগরিক তালিকার বাইরে রাখা হয়েছে, তাদের যাতে ভারত কোনোভাবে বাংলাদেশে ঢুকিয়ে দিতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে৷
বিজিবি’র ১৯ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল সাঈদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘তারা তিন ধাপে নাম প্রকাশ করলো৷ প্রথম ধাপে যখন তারা নাম প্রকাশ করে তখন থেকেই বিজিবি সতর্ক অবস্থায় আছে৷ শুধু বিজিবি নয়, সীমান্তের সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন সবাইকে নিয়েই বিজিবি কাজ করছে৷ আমরা যেকোনো ধরনের পুশ-ইন প্রতিহত করতে প্রস্তুত আছি৷”
তিনি বলেন, ‘‘আমরা গত প্রায় দেড় বছর ধরে সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সচেতন করেছি৷ ভারত যাদের অবৈধ বলছে তাদের যদি পুশ-ইনের চেষ্টা করে তাহলে আমরা সবাই মিলে যাতে প্রতিহত করতে পারি৷ এ ধরনের কোনো চেষ্টা বিজিবির নজরে না পড়লেও যদি সাধারণ মানুষের নজরে পড়ে, তাহলে সাথে সাথে আমাদের জানানোর জন্য সবাইকে সতর্ক করে দেয়া আছে৷”
















