ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক আদালতের নির্দেশে অবশেষে পাকিস্তানে আটক ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দেখা করার অনুমতি (কনস্যুলার অ্যাকসেস) দিল পাকিস্তান। সোমবার এক বিবৃতি দিয়ে এ কথা জানান পাক বিদেশমন্ত্রণালয়।
রবিবার পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়সালের সরকারি টুইটারে লেখা হয়েছে, কুলভূষণ যাদবকে সোমবার ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে। ‘কনসুলার রিলেশন সংক্রান্ত ভিয়েনা কনভেনশন, আন্তর্জাতিক ন্যায় আদালতের রায় এবং পাকিস্তানের আইন মেনে’-এই কনসুলার অ্যাকসেস দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেছেন মহম্মদ ফয়সাল।
এই টানাপড়েনের মধ্যেই কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ রদ ঘিরে দু’দেশের কূটনৈতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকে। তার জেরে কিছুটা অনিশ্চিত হয়ে পড়ছিল কুলভূষণের কনস্যুলার অ্যাকসেস। শেষ পর্যন্ত পাকিস্তান সেই অনুমোদন দেওয়ায় বিদেশমন্ত্রকে স্বস্তির হাওয়া। যদিও এ বারও কোনও শর্ত পাকিস্তান চাপিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফেও রবিবার রাত পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে ২০১৬-এর ৩ মার্চ বেলুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করে পাক নিরাপত্তা বাহিনী। তার পর ২০১৭-র এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাক সামরিক আদালত। ওই সময় ভারতের তরফে জানানো হয়, নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ। সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। কনস্যুলার অ্যাকসেস-এর পাশাপাশি কুলভূষণের মৃত্যুদণ্ডের আদের পুনর্বিবেচনার নির্দেশও দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত।
















