ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরের একটি স্বাধীনতাকামী সংগঠনের কমান্ডার সালাহউদ্দিন বলেছেন, কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেয়ার পর এখানে জাতিসংঘের শান্তিরক্ষী নিয়োগ করা প্রয়োজন ছিল।
যেহেতু এখন পর্যন্ত জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয়নি, তাই কাশ্মীরিদের রক্ষায় সেখানে পাকিস্তানের সেনাবাহিনী পাঠানো উচিত বলে মনে করেন সৈয়দ সালাহউদ্দিন নামে কাশ্মীরের ওই স্বাধীনতাকামী নেতা। খবর রয়টার্সের।
পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফ্ফারাবাদে রোববার বিশাল এক সমাবেশে তিনি এ কথা বলেন। তার এসব মন্তব্যে চাপে আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
কাশ্মীরের ডজনখানেক সংগঠনের জোটপ্রধান সালাহউদ্দিন আরও বলেন, বিশ্বের একমাত্র পারমাণবিক ক্ষমতাধর মুসলিম দেশ পাকিস্তানের উচিত কাশ্মীরের এ দুর্দিনে নির্যাতিত মুসলিম ভাইবোনদের পাশে দাঁড়ানো।
কারণ ৫ আগস্ট ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকে কাশ্মীরের চালানো ভারতের সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদ প্রথম থেকেই করে আসছে পাকিস্তানের সাধারণ জনগণ।
















