ইসলাম টাইমস ডেস্ক: বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা ওরফে মিন্নি জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বরগুনা কারাগার থেকে মুক্তি পান।
কারাফটক থেকে বের হয়ে বাবা মোজাম্মেল হোসেনের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মাইঠা এলাকার বাড়ির দিকে রওনা হন আয়শা।
এর আগে মঙ্গলবার সকালে উচ্চ আদালতের দেওয়া আয়শার জামিন-সংক্রান্ত রায়ের অনুলিপি বরগুনায় পৌঁছায়। আয়শার আইনজীবী বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে উচ্চ আদালতের রায়ের আদেশসহ একটি বিবিধ মামলা করেন। আদালতের আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিকেলে আয়শা বরগুনা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
আয়শার আইনজীবী ও বরগুনা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল বারী গণমাধ্যমকে বলেন, আয়শার জামিন-সংক্রান্ত রায়ের অনুলিপি বরগুনায় পৌঁছানোর পরই বিকেলে তিনি মুক্তি পান।
















