ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে সারা দেশে ১০০টি এবং রাজধানী ঢাকায় ৪টি আসন চাইবে জাতীয় পার্টি (জাপা)। এরমধ্যে সম্মানজনক পরিমাণ আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই তারা নির্বাচনে যাবেন।
দলটির প্রেসিডিয়াম সদস্য ও কো-চেয়ারম্যান জি এম কাদের সোমবার বনানীর পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের কাছে ১০০ আসন চেয়ে জাতীয় পার্টি দরকষাকষি করবে। তবে সম্মানজনক আসন পেলে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েই আমরা নির্বাচনে যাব।
তিনি আরও বলেন, এবারের নির্বাচনেও জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে।
জি এম কাদের বলেন, আমাদের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে শুনেছি, জোটের শরিকদের আওয়ামী লীগ ৭০টি আসন দিতে চায়। আমাদের দলকে আওয়ামী লীগ কত আসন দিতে চায়, এ বিষয়ে এখনো ওই দলের নীতিনির্ধারকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়নি। তবে আমরা সম্মানজনক আসন চাইছি। এটি হলেই আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে যাব।’
এদিকে জাতীয় পার্টি এবারের নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজধানী ঢাকার ৪টি আসন চাইবে। এর মধ্যে দুটি আসনে বর্তমানে ঢাকা-৬ (সূত্রাপুর-কোতোয়ালি) আসন থেকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদ ও ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনে সৈয়দ আবু হোসেন বাবলা সংসদ সদস্য আছেন।
নতুন করে তারা সেনানিবাস অধ্যুসিত ঢাকা-১৭ (গুলশান-ক্যান্টমেন্ট-ভাষানটেক) এবং ঢাকা -১৩ ( মোহাম্মদপুর-আদাবর) আসন দুটিতেও মনোনয়ন চাইবে জাতীয় পার্টি।
ইতিমধ্যে জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ ঢাকা-১৭ আসনে প্রচার শুরু করেছেন। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট, ভাসানটেক ও শাহজাদপুর এলাকায় জনসংযোগ ও পথসভা করেছেন। গত নির্বাচনেও তাকে এই আসনটি ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। শেষ মুহূর্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে বিএনএফ সভাপতি আবদুল কালাম আজাদ সাংসদ হন।
আর ঢাকা-১৩ আসনেও তৎপরতা চালাচ্ছেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম। এই আসনের বর্তমান সাংসদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
















