ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম হবার অপরাধে ভারতে বোরকা পরিহিতা এক নারী চিকিৎসককে মারধর ও অশ্লিল ভাষায় গালি গালাজ করেন এক মার্কিন নারী। বোরকা পরিহিতা ওই নারী চিকিৎসক মুসলিম কি না জানতে চাওয়ার পরে তিনি হ্যাঁ সূচক উত্তর দিলে তার ওপর হামলে পড়েন ঐ মার্কিন নারী।
গত রোববার বিকেলে পুনে ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে মার্কিন ওই নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন পুনে ক্যান্টনমেন্ট এলাকার ক্লোভার সেন্টার মার্কেটে কেনাকাটা করছিলেন ওই মুসলিম মহিলা চিকিৎসক-সহ আরও একজন মহিলা। মহিলা চিকিৎসকের দাবি, তাঁকে বোরখা পরে থাকতে দেখে তিনি মুসলিম কি না তা জিজ্ঞাসা করেন ওই মার্কিন মহিলা। এরপর তাঁর ধর্ম জেনেই তাঁকে মারধর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে ওই মার্কিন মহিলা।
এখানেই শেষ নয়, এরপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই চিকিৎসক। সেই মোতাবেক পুলিশ তাঁকে আটক করতে গেলে ওই মার্কিন মহিলা পুলিশ কর্মীদেরও গালিগালাজ করে বলে অভিযোগ। ঘটনার পর গোটা বিষয়টি জানানো হয় মার্কিন দূতাবাসে। মার্কিন দূতাবাস থেকে কর্মীরা তাঁর সঙ্গে ফোন যোগাযোগ করলে তিনি তাঁদেরও হেনস্থা করেন বলে অভিযোগ।
সূত্র: ইন্ডিয়া টুডে, এইসময়
















