ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ভারত সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয়ার প্রতিবাদে ব্রিটেনের রাজধানী লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে হাজারো মানুষ বিক্ষোভ-প্রতিবাদ করেছেন।
এসময় বিক্ষোভকারীরা ভারতীয় হাইকমিশন ভবন লক্ষ্য করে ডিম, টমেটো ও জুতা নিক্ষেপ করে। এনিয়ে ব্রিটিশ সরকারের কাছে তীব্র প্রতিবাদ করেছে ভারত।
বিক্ষোভকারীরা লন্ডনের পার্লামেন্ট চত্বর থেকে মিছিল নিয়ে ভারতীয় হাই কমিশনের সামনে যান এবং তারা কাশ্মীরের জনগণের প্রতি তাদের সংহতি প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ভারতীয় কূটনৈতিক মিশনের সামনে সমবেত হয়ে কাশ্মীর থেকে কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান।
এ সময় প্রতিবাদকারীরা মোদীকে হিটলারের সঙ্গে তুলনা করে। তাদের হাতে এধরণের শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড ছিলো।
এছাড়া, কাশ্মীরে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অব্যাহত রয়েছে তার অবসান দাবি করেন। গতকালের (মঙ্গলবার) এই বিক্ষোভ সমাবেশের ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডন, জি নিউজ, পার্সটুডে
















